মো. আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।
প্রকল্প সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান এবং রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার, বুড়িচং প্রেস ক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম, বিএনপি ও জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা এবং শিক্ষার্থী প্রতিনিধি ছাব্বির, মাহাদী, পিয়াস ও মাসুদ আলম।
সভায় বক্তারা বলেন, “এই সড়কটি উন্নয়ন হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।” তারা দ্রুত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
কুমিল্লা গেজেট