কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন: ইউএনও

  • প্রকাশের তারিখ : 31-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় জানানো হয়, গত এক মাসে মাদক ও জুয়া বিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ ১৪টি মামলায় ১৮ জনকে, ডিবি পুলিশ ১ মামলায় ২ জনকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫ মামলায় ৮ জনকে এবং বিজিবি ৩ মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। এসব অভিযানে ১০১ কেজি গাঁজা, ৭,০৫০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

সভায় আরও জানানো হয়, উপজেলায় গবাদিপশুর টিকা কার্যক্রম চালু করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঠিক তথ্য প্রদান ও সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আনসার ভিডিপির আজহার, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা, মো. জাহাঙ্গীর আলম, মো. জসিম উদ্দিন, বিজিবির প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও তানভীর হোসেন বলেন, "মাদক, জুয়া ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ হুমকি। এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ কঠোরতা নিয়ে এগুলো নির্মূলে কাজ করবে।"


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ