কুমিল্লা | বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: কুমিল্লা জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ : 30-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেছেন, “খাল-জলাশয় ছিল এক সময় এলাকার প্রাণ। দখল ও দূষণের কারণে সেগুলো আজ বিপন্ন। জনগণের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।” তিনি জানান, বুড়িচং উপজেলায় এ বছর টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার সম্মেলন কক্ষে “নদী ও খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা” বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

জেলা প্রশাসক আরও জানান, ইউএনও’র নেতৃত্বে একটি কমিটি গঠন করে উপজেলার খাল ও নালাগুলো চিহ্নিত করা হবে। এরপর খাল উদ্ধার ও খননের জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন করিব, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, খাদ্য কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম এবং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।

সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল।

প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুল্লাহ, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ, প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা।

জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন বুড়িচং সদর, রাজাপুর, পীরযাত্রাপুর ও ভারেল্লা উত্তর ইউনিয়নের নির্বাচিত মেম্বাররা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাব্বির, জামিলুর রহমান তানিম ও তারিকুল ইসলাম পিয়াস।

বক্তারা বলেন, জলাবদ্ধতা ও বন্যা রোধে খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা জরুরি। খাল দখলমুক্ত রাখতে হবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে।

সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় খাল, উপজেলা ভূমি অফিস ও বুড়িচং থানার আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ