কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ২টি খাল ও ১১টি কালভার্ট বন্ধ

  • প্রকাশের তারিখ : 21-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

জলাবদ্ধতায় ৫ গ্রামের ২ হাজার একর কৃষি জমি চাষাবাদ অনুপযোগী

নাঙ্গলকোট  প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি খাল ও কালভার্ট বন্ধ করে মাছ চাষ প্রকল্প চালু করায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার হেসাখাল, খিলপাড়া, চক্রলোদী, নাওগোদা, দৌলতপুর ও শ্রীহাস্য গ্রামের প্রায় ২ হাজার একর কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে।

জলাবদ্ধতার ফলে এসব জমিতে দীর্ঘ ১০ বছর ধরে আউশ, আমন ও বোরো ধান চাষ করা যাচ্ছে না। ভুক্তভোগীরা বলছেন, পুকুর খনন করে খাল ও কালভার্ট বন্ধ করায় এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী গাগৈর খালের দায়েমছাতি বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তারা বলেন, হেসাখাল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি ২টি খাল ও ১১টি কালভার্ট বন্ধ করে রেখেছেন। ফলে পূর্ব খিলপাড়া, চক্রলোদী, উত্তর নাওগোদা, পশ্চিম দৌলতপুর ও দক্ষিণ শ্রীহাস্য গ্রামের পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়।

জলাবদ্ধতায় কৃষকরা ধান ও সবজি উৎপাদন করতে না পারায় অনাহার, অর্ধাহারে দিন কাটাচ্ছেন। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, আব্দুল করিম, ইকবাল, মোদাচ্ছের, মনু মিয়া, সৈয়দ আহমেদসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, এক দশক আগেও খাল ও কালভার্ট সচল থাকায় এ ধরনের জলাবদ্ধতার সমস্যা ছিল না।

অভিযোগের বিষয়ে জবাবে অভিযুক্ত যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া বলেন, “আমি আমার নিজস্ব জমিতে মাছের প্রকল্প করেছি। পুকুরের উপর দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা রেখেছি। খালে আমি বাঁধ দিইনি, বাঁধ দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ইকবাল বাহারের চাচা। বরং বর্তমানে অন্য ড্রেন সরু হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। আমার প্রকল্পের কারণে কোনো কালভার্ট বন্ধ হয়নি। প্রশাসন চাইলে তদন্ত করে দেখুক।”

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন সরকার বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিষয়টি খোঁজ নিয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”

স্থানীয়রা দ্রুত খাল ও কালভার্ট সচল করে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ