মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে কুমিল্লার বুড়িচং উপজেলায় আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ।
শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টায় বুড়িচং উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। উদ্বোধনী বক্তব্য শেষে শহিদদের স্মরণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ, বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, শিক্ষক অহিদুর রহমান, পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার, উত্তর জরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম এবং জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবেশবান্ধব জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।
কুমিল্লা গেজেট