কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনঞ্জয়নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে প্রবাসী রিপন, তার ভাই সেলিম ও দুলালের বিরুদ্ধে অবৈধভাবে জায়গা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ধনঞ্জয়নগর গ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার আবুল বাশার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০০ সালে আমি ও আমার পরিবার স্থানীয় আব্দুল মান্নান ও তার ছেলে ইসহাক মিয়ার থেকে ১৫ শতক জমি ক্রয় করি। জমিটি ক্রয় করা পর থেকে ভোগদখলে রাখি এবং শান্তিপূর্ণভাবে ব্যবহার করে আসছি। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, ২০০৯ সালে আব্দুল মান্নান একই দিনে দুই ছেলের নামে দলিল সৃষ্টি করে। শুধু তাই নয়, পরের দিন একই জমি তার আরেক ছেলের নামেও দলিল করে দেন যা স্পষ্টতই রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং সম্পূর্ণ অবৈধ। তিনি আরো বলেন, ২০২৪ সালের শেষ দিকে আব্দুল মান্নানের ছেলে রিপন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে আমরা বাধা দিই। বিষয়টি নিয়ে থানায় একাধিকবার বৈঠক হয় এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু রিপন তা মেনে না নিয়ে আদালতে মামলা দায়ের করে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও রিপন পুনরায় দখলের পাঁয়তারা করলে আমি বাধ্য হয়ে ১৪৫ ধারায় মামলা করি যেন আইনি প্রক্রিয়া ব্যতীত কেউ কোনো স্থাপনা বা দখল করতে না পারে। গত বছর ডিসেম্বর মাসে রিপন কুমিল্লা শহর থেকে কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে আমার জমিতে অবৈধভাবে টিনের ঘেরা দেয়। কিছুদিন পর সেই টিনের ভেড়া কে বা কারা উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও রিপন থানায় অভিযোগ করে। তদন্ত শেষে পুলিশ স্থানীয় মেম্বারের সহায়তায় টিনের ঘেরা উদ্ধার করে দিয়ে দেয় এবং একটি সমঝোতা হয়।
কিন্তু রিপন এতে সন্তুষ্ট না হয়ে তার স্ত্রী হনুফা আক্তারকে বাদী করে আমাদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে আবারো একটি মিথ্যা মামলা দায়ের করে। ওই দায়েরকৃত মামলায় ফসলি জায়গাকে তাদের বসতঘর দেখানো হয়েছে। বাস্তবে ওখানে কোন বাড়ি ঘর নাই, কোনদিন ছিলোও না। মুলত এটি একটি উঁচু প্রকৃতির জমিন।আমাদেরকে হয়রানি করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করেছে। আমাদের সম্মান হেয়প্রতিপন্ন করতে এবং জমির অবৈধ দখল নিশ্চিত করতে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করা হচ্ছে। আমি এই চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন প্রকৃত তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হয় এবং আমার ও আমার পরিবারের সম্মান পুনরুদ্ধার হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল মমিন, হারুন অর রশিদ, আব্দুল রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
নিজস্ব প্রতিবেদক