কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। কমিটি গঠনকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতাদের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিদের বিএনপির গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে যাঁদের রাজপথে সক্রিয় উপস্থিতি ছিল না, তাঁদের কেউ কেউ ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে ব্যক্তিগত পছন্দ, প্রভাব ও আর্থিক সুবিধার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক জসীম উদ্দীন। স্থানীয় কয়েকজন নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে সংসদ সদস্য , আবুল কালাম আজাদ ও রওশন আলী মাস্টারের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। তাঁদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিএনপিতে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
এ ছাড়া কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেছেন, বিভিন্ন নেতাকে উপহার-সামগ্রী দেওয়ার মাধ্যমে দলীয় পদ পাওয়ার
এদিকে কমিটি নিয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। দলের দুঃসময়ে যাঁরা রাজপথে ছিলেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন এবং দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত পছন্দ, স্বজনপ্রীতি কিংবা প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের ঐক্য বিনষ্ট হবে।
তাঁদের আরও অভিযোগ, নবগঠিত কমিটিতে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে পদ বণ্টনের ঘটনাও ঘটেছে। এ কারণে কমিটিকে কেউ কেউ ‘জামাই-শ্বশুরের কমিটি’ বলে আখ্যায়িত করছেন। তাঁদের দাবি, একই কমিটিতে জামাই ও শ্বশুর দুজনই যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। বিষয়টি নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, বাড়ছে উদ্বেগ
সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কমিটি নিয়ে বিরোধ আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নেতাকর্মীদের আশঙ্কা, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিত কমিটি বহাল রাখা হলে নির্বাচনে দলের সাংগঠনিক ঐক্য ও ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁদের মতে, এখনই সাংগঠনিক বিরোধ নিরসন না হলে ভবিষ্যতে দলীয় কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। ৷
কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে তদন্তের দাবি
এ অবস্থায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
তাঁদের দাবি, নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত নেতাদের রাজনৈতিক অতীত এবং দলের দুঃসময়ে তাঁদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। একই সঙ্গে বিতর্কিত কমিটি পুনর্বিবেচনা করে দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, তাঁদের প্রতিবাদ কোনো পদ-পদবির জন্য নয়; বরং দলের সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শ ও দীর্ঘদিনের ত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে। তাঁদের ভাষ্য, ১৭ বছরের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন না হলে বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
মাসুদ রানা