কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুচকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবি লোশন, শ্যাম্পু, গাঁজা, কাশির সিরাপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধভাবে পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া