কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন কমিটি এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা এবং দুপুর ১২টায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আয়োজনে সভা দুটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। সভা সঞ্চালনা করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাপ হোসেন ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, ব্যবসায়ী লিয়াকত আলী মনিরসহ সংশ্লিষ্টরা।
সভায় বিদ্যুৎ সাশ্রয়, সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, দোকানপাট ও মার্কেটের নির্ধারিত সময়সূচি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
নির্ধারিত সময় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি নির্দেশনা অমান্যকারী দোকানদারদের বিরুদ্ধে প্রয়োজনে বিদ্যুৎ অফিসের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির নির্দেশনা বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া