ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা মহানগর শাখার আগামী এক বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ হোসেন জিদনী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম জামান।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি হাসান মাহ্দী, সহ-সভাপতি তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান এবং প্রচার সম্পাদক নাহিদা আক্তার।
আগামী এক বছর এ কমিটি কুমিল্লা মহানগর এলাকায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি সাইফ হোসেন জিদনী বলেন, “শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কুমিল্লা মহানগরে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা থাকবে।”
সাধারণ সম্পাদক নাইম জামান বলেন, “নতুন দায়িত্ব আমাদের জন্য একটি বড় সুযোগ ও একই সঙ্গে দায়িত্ব। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।”
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে কুমিল্লা মহানগরে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রতিনিধি