কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির নতুন স্থাপনা উদ্বোধন করা হয়েছে। ওসাপ বাংলাদেশের উদ্যোগে, দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে এবং কুমিল্লা সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ স্থাপনার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির স্থাপনাটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির গুরুত্ব তুলে ধরে ওসাপ বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিশ্বজুড়েই নিরাপদ পানির সংকট রয়েছে। দেশের একটি বড় অংশের মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ অর্জনে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, শহুরে বস্তি ও স্বল্প আয়ের মানুষের বসবাসের এলাকাগুলোতে এখনো নিরাপদ পানির অপ্রতুলতা রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের। তিনি নিরাপদ পানির স্থাপনা স্থাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, দেশের অধিকাংশ মানুষ পানির সুবিধা পেলেও গুণগত মানসম্পন্ন নিরাপদ পানি এখনো সবার জন্য নিশ্চিত করা সম্ভব হয়নি। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং ঘনবসতিপূর্ণ কুমিল্লা শহরে পানির চাহিদা বৃদ্ধিও একটি বড় চ্যালেঞ্জ। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণে সরকারি বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।
ওসাপ বাংলাদেশের ম্যানেজার (ফিল্ড অপারেশন) মোহাম্মদ খোরশেদ বলেন, ২০২৪ সাল থেকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার স্বল্প আয়ের মানুষের বসবাসকারী এলাকাগুলোতে নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে ওসাপ বাংলাদেশ। এ পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে ১৯৪টি পানির সংযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নগরীর প্রায় ২০ হাজার স্বল্প আয়ের মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধার আওতায় এসেছে।
তিনি জানান, বিভিন্ন বিদ্যালয় ও কমিউনিটিতে নিরাপদ পানির ব্যবস্থা করার পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনকে ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে ওসাপ বাংলাদেশ। একই সঙ্গে নগরীর পাবলিক টয়লেটগুলো আধুনিক ও নারীবান্ধব করে গড়ে তুলতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিউনিটি ও অভিভাবক প্রতিনিধিরা এবং কুমিল্লা সিটি করপোরেশনের পানি শাখার প্রধান মোহাম্মদ ইউসুফ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাবার পানির নিশ্চয়তা শিক্ষার্থীদের সুস্থতা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এ স্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা নিরাপদ পানির সুবিধা পাবেন এবং পানি ব্যবহারের পাশাপাশি স্থাপনাটির সঠিক রক্ষণাবেক্ষণেও সচেতনতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নেকবর হোসেন