আলোচিত তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের আদেশে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এরপর আদালতের নির্দেশনা কারাগারে পৌঁছালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আদালতের নির্দেশে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
থানা পুলিশ, ডিবি ও সিআইডির দীর্ঘ তদন্তেও হত্যার রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ২০২০ সালে মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার তদন্ত চলছে। এ মামলায় প্রধান সন্দেহভাজন আরও দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়াও চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে একাধিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ ও তুলনামূলক পরীক্ষা অব্যাহত আছে।
নিজস্ব প্রতিবেদক