কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে একই দিন রাত ১টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত একটি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের তত্ত্বাবধানে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি নীল রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে চালকের আসনের নিচে ও গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাতটি বান্ডেল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে পাঁচটি ছোট প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে দুই হাজার করে ইয়াবা ট্যাবলেট ছিল। সব মিলিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৭ কেজি।
এ সময় গাড়ির চালক মো. রুবেল (২৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
পুলিশ জব্দ করা ইয়াবার পাশাপাশি ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮ নম্বরের টয়োটা প্রাইভেটকারটিও জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক