কুমিল্লার হোমনা উপজেলার ৫ নম্বর আসাদপুর ইউনিয়নের আসাদপুর দূরীকান্দি গ্রামের কৃতি সন্তান মোঃ ইকবাল হোসেন টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ‘শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
সোমবার (১৩ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অসামান্য অবদান, কর্মদক্ষতা, নিষ্ঠা এবং জনস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম। এ সময় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মোঃ ইকবাল হোসেন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; এটি আমার কর্মক্ষেত্রের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাঠপর্যায়ের সকল সহকর্মী এবং যাদের জন্য আমরা পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবায় কাজ করি—সেই সব মানুষের সহযোগিতা, আস্থা ও ভালোবাসার সম্মিলিত অর্জন। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবেন।
ইকবাল হোসেনের এ গৌরবময় অর্জনে আসাদপুর ইউনিয়নসহ হোমনা উপজেলার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, তাঁর এ সাফল্য পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা