কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।
রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম গত ৮ জুলাই ২০২৬ তারিখে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আবেদন করেন। কর্তৃপক্ষ তার আবেদন অনুমোদন করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং দায়িত্ব পালনকালে তার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং আদেশ জারির তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাহিদা বেগম বলেন, “এটি একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি।”
নবনিযুক্ত পরিচালক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “আমি এখনো দায়িত্বের পরিধি পুরোপুরি জানি না। তবে যতটুকু জেনেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনকে সম্পৃক্ত করে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, সে বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগের উপদেষ্টা ও ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে শিগগিরই বসব।
তিনি আরও বলেন,আমার অগ্রাধিকারের একটি বিষয় হবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও কার্যকর ও সক্রিয় করে তোলা। তাদের সমন্বয়ে আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে একটি বড় পরিসরের সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
কুবি প্রতিনিধি