কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি চুরির মামলায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত ২৭ থেকে ২৯ মে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত মো. ইমন ওরফে ইমন (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গত ২ থেকে ৫ জুলাইয়ের মধ্যে উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম.ই. চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে আরমান প্রকাশ রিফাত (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গত ১১ মে উপজেলার একটি বসতবাড়িতে দিনের বেলায় তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে হাসিবুর রহমান শান্ত (২৭) ও শহিদুল হাসান হৃদয় (২৫) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মো. হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া