কুমিল্লার সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, পেশাগত দায়িত্ব পালন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে একটি মহল তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, অতীতে তাঁকে অপহরণের চেষ্টা, মোটরসাইকেল মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ ও মামলা করা হলেও এখন পর্যন্ত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।
অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন ২০২৬ তারিখে পুনরায় একই ধরনের একটি ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় জিডি বা অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, ওই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় অভিযোগটি গ্রহণ করা হয়নি।
শুভ্র আরও জানান, সম্প্রতি ভূমি ও সম্পত্তি সংক্রান্ত একটি বিষয়ে তাঁর পরিচিত মহলের একজন ব্যক্তি তাঁকে ফোন করেন। ফোনে তাঁকে সংশ্লিষ্ট সম্পত্তির হিসাব-নিকাশ ও বিক্রির বিষয়ে সহযোগিতা করতে বলা হলে তিনি জানান, সম্পত্তির মালিকদের মধ্যে মতবিরোধ থাকায় বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করে নিয়ম অনুযায়ী বিক্রির ব্যবস্থা করা উচিত। এ সংক্রান্ত কথোপকথনের রেকর্ড তাঁর মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁর অভিযোগ, ওই ঘটনার পর থেকে বিভিন্ন ব্যক্তি তাঁকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করছে এবং পূর্বে দায়ের করা জিআর মামলাগুলোর সূত্র ধরে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো, অপহরণ কিংবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, একটি প্রভাবশালী মহল তাঁর পেশাগত ও ব্যক্তিগত কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে সক্রিয় রয়েছে।
এ পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর দাবি, অভিযোগ, জিডি ও মামলা গ্রহণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ঘটনায় সাংবাদিক মহল, সুশীল সমাজ এবং স্থানীয় সচেতন নাগরিকরা বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, অভিযোগগুলোর প্রকৃত সত্যতা যাচাই করে রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
তাদের মতে, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও আইনের শাসনের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিনিধি