কুমিল্লা | বঙ্গাব্দ

জলাবদ্ধতামুক্ত হলো চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশের তারিখ : 19-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

দীর্ঘ ৪-৫ বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পানির নিচে তলিয়ে যেত। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের কষ্ট করে পানি ঠেলে বিদ্যালয়ে যাতায়াত করতে হতো। জলাবদ্ধতার কারণে বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে কমে যেত।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রশাসনিকভাবেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

তবে সম্প্রতি বিদ্যালয়টির দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন এলাকার কৃতী সন্তান, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আবদুল হালিম মজুমদার। প্রায় এক মাস আগে তিনি নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করেন এবং বিদ্যালয়ের বারান্দার দেয়াল ইট দিয়ে উঁচু করে দেন। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান ঘটে।

শুধু তাই নয়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন আবদুল হালিম মজুমদার। তার উদ্যোগে বিদ্যালয়ের পরিবেশ এখন অনেক বেশি সুন্দর ও শিক্ষাবান্ধব হয়ে উঠেছে। জলাবদ্ধতা দূর হওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসতে পারছে এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিনের একটি বড় সমস্যা সমাধান হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরেছে। তারা বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য আবদুল হালিম মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ