কুমিল্লার হোমনায় বড় বোনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুপ মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোনসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রুপ মিয়া (৭০) মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের সোনা মিয়ার ছেলে। আহতরা হলেন হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮) এবং অটোরিকশা চালক তানভির।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বড় বোনের জানাজা শেষে তারা অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হনুফা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একই পরিবারের শোকের মধ্যেই আরেকটি প্রাণহানির এই ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
মোঃ জয়নাল আবেদিন,হোমনা