কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের পৃথক অভিযানে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এ মাদক কারবারিদের আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় ৩টি মাদক মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না (২৪), কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬), সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের হৃদয় (২৬) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার হিফজুর রহমান (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় মীর কাশেম নামের এক মাদক কারবারি পালিয়ে গেলে তার বাড়ির সামনে থেকে ১৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এছাড়া পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারসংলগ্ন এলাকায় অপর একটি অভিযানে ৪০ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। একই সময় ওই ইউনিয়নের মুন্সির কলমিয়া এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ অরিফুর রহমান বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। আটককৃতদের নিকট থেকে ৫৪ বোতল বিদেশি মদ, ৮ কেজি গাঁজা ও মাদক বহনকারী দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট