কুমিল্লা | বঙ্গাব্দ

সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

  • প্রকাশের তারিখ : 15-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে, এটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শুক্রবার দুপুর ১২টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের জন্য শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প নেওয়া হচ্ছে। এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি পর্যন্ত বিগত সময়ে মুছে দেয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন। সেটি শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে। সরকারের তরফ থেকে আমি চেষ্টা করব যেন আরো বাস আসে।’

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন, কুমিল্লার উন্নয়নে কাজ করেছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কুমিল্লায় ৫শ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন ও ৫শ শয্যার হাসপাতাল করেছেন। আমরা আশাবাদী যে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষনা দিবেন।’

মন্ত্রী আরো বলেন, ‘কুমিল্লা কৃষি নির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে এখানে যেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয়। সরকার মাত্র ৩ মাসের মধ্যে কুমিল্লার জন্য একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ করেছে এবং ওয়াসার প্রসেস চলছে। এটা স্টাবলিশড হওয়ার পর মেট্টোপলিটন এলাকাকে প্ল্যানিং করে যা করার দরকার সবই করবো।’ 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ