কুমিল্লার হোমনা উপজেলায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিমল কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোঃ মামুনুর রশিদ, ডা. মোঃ ফয়জুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার বিলাল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুস্থতা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল অভিভাবককে নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হোমনা উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলা জুড়ে বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
সভায় টিকাদান কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং ধর্মীয় নেতৃবৃন্দের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
মোঃ জয়নাল সরকার,হোমনা