কুমিল্লা | বঙ্গাব্দ

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা

  • প্রকাশের তারিখ : 7-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলেজ চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কলেজের বিএনসিসি বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা ও তাঁর পরিবারকে গার্ড অব অনার প্রদান করে বরণ করেন। পরে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কলেজের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সুযোগ্য কন্যা নওশীন তাবাসসুম খান চৌধুরী ও পুত্র ফারহান খান চৌধুরী।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহাম্মেদ লাভলুসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি তার শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা। তিনি বলেন, প্রতিষ্ঠাতার দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান আজ একটি সুপরিচিত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল অবকাঠামো দিয়ে নয়, মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে এগিয়ে যায়। তিনি বলেন, তাঁর স্বপ্ন এই প্রতিষ্ঠানকে এমন একটি আধুনিক শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তবমুখী শিক্ষা ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে হবে। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ