পবিত্র মাহে রমজানকে উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ৫ই রমজান তারাবির নামাজের পর সংগঠনের সদস্যরা রাতের নীরবতায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মেঘদাইরসহ আশপাশের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের হাতে সম্মান ও গোপনীয়তা রক্ষা করে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। মুড়ি, ডাল, তেল, ছোলা, পেয়াজ, আলু ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে রোজাদাররা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন।
ইফতার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক আবু রায়হান বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা 'প্রাণের টানে রক্তদান' এর পক্ষ থেকে রাতের আধারে সুবিধাবঞ্চিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। যারা আমাদের এ কর্মসূচিতে আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এ ক্ষুদ্র প্রয়াস কবুল করে নেন।
স্থানীয়রা সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রমজানের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অফিস রিপোর্টার