কুমিল্লা | বঙ্গাব্দ

জীবনযুদ্ধে হার না–মানা রিমা আক্তার: দারিদ্র্য–বঞ্চনা পেরিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি

  • প্রকাশের তারিখ : 10-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

অদম্য ইচ্ছাশক্তি আর নিষ্ঠা থাকলে দারিদ্র্য, অবহেলা—কিছুই স্বপ্নকে থামাতে পারে না। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার রিমা আক্তারের জীবনের গল্প তারই প্রমাণ। ছয় মাস বয়সে বাবাকে হারানো, এক বছরের মধ্যে পরিবারের দুই ভাইয়ের মৃত্যুশোক, দারিদ্র্যের চাপে সংকটপূর্ণ শৈশব—সবকিছু জয় করে তিনি পৌঁছে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি তিনি চাকরি পেয়েছেন চীনের খ্যাতনামা শাওশিং টেক্সটাইল কোম্পানিতে।

ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের আব্দুর রশিদ ও শেফালী বেগমের চার মেয়ের মধ্যে রিমা সবচেয়ে ছোট। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে তাঁর দুই ভাই অল্প বয়সেই মারা যান। দুঃসহ পরিস্থিতিতে অন্য বোনেরা পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও রিমা হাল ছাড়েননি। সামাজিক কটূক্তি, পারিবারিক অনীহা, অর্থাভাবে বই কিনতে না পারা—কিছুই তাকে থামাতে পারেনি।

রিমা জানান, অনেক সময় না খেয়ে পড়তে বসেছেন। এক বছরের ব্যবধানে স্বামী ও দুই ছেলে সন্তান হারিয়ে মায়ের জীবন ছিল সংগ্রামে ভরা। “আমার মা–ই আমার প্রথম যোদ্ধা”—বললেন রিমা।

গ্রামের স্কুল থেকে শিক্ষা শুরু করে তিনি পৌঁছে গেছেন উচ্চশিক্ষার শিখরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়জীবনে টিউশনি করে পড়ার খরচ জুগিয়েছেন। কখনো টিউশন না পেয়ে অন্যের সাহায্য নিতে হয়েছে। পরিবারের পুরুষশূন্য অবস্থায় কৈশোরে দুধ বিক্রি করেও সংসারে সহায়তা করেছেন তিনি। সমাজের ব্যঙ্গ–বিদ্রূপ সত্ত্বেও থেমে থাকেননি।

রিমা বলেন, “স্বপ্ন অর্জনে ইচ্ছাশক্তির বিকল্প নেই। আমি আর্থিকভাবে অনিরাপদ ছিলাম, তবুও হাল ছাড়িনি। কয়েকজন শিক্ষক ও কয়েকজন আত্মীয় আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন—তাদের কাছে আমি কৃতজ্ঞ।”

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আর্থিক সংকটে ‘বাসেড’ সংগঠনের সদস্যরা তাঁর জন্য চাঁদা তুলেও দিয়েছেন। অন্বেষণ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কোচিং তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে।

এ বছরের বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ হিসেবে রিমা আক্তারকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “মানুষের ইচ্ছাশক্তি প্রবল হলে দারিদ্র্য বা প্রতিকূলতাকে জয় করা যায়—রিমা তার জ্বলন্ত উদাহরণ। তার সাফল্যে আমরা গর্বিত। তিনি ব্রাহ্মণপাড়ার মেয়েদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ