কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পণ্য ডেলিভারি করতে গিয়ে দোকানেই সেলসম্যানের মৃত্যু

  • প্রকাশের তারিখ : 30-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পণ্য ডেলিভারি করতে গিয়ে দোকানে হঠাৎ অসুস্থ হয়ে আবু কাউসার (৩৫) নামে এক সেলসম্যানের মৃত্যু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউসার উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি নোয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি আকিজ গ্রুপের পাউরুটি সরবরাহকারী একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তিনি সকালে পণ্য ডেলিভারি করতে বের হন। নাগাইশ বাজারের একটি দোকানে পণ্য নামানোর সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যান। আশপাশের দোকানিরা দ্রুত তাকে পাশের মসজিদে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে বাজারের একজন পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঘটনার পর বাজারজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও দোকানিরা জানান, আবু কাউসার খুব শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। নিয়মিতভাবে তিনি বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

নিহতের মামা কাজী নজরুল ইসলাম বলেন, “আমার ভাগিনা অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল। এত কম বয়সে তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য অসহনীয় কষ্ট। তার স্ত্রী ক্যানসার রোগী। দুই ছেলের মধ্যে ছোটটার বয়স মাত্র দেড় বছর। আল্লাহ তাদের পরিবারকে হেফাজত করুন।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ