কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • প্রকাশের তারিখ : 10-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকাদীঘি এলাকায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে শশীদল ও সালদানদীর মধ্যবর্তী ১৭৬ কিলোমিটার এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার। নিহত লিটন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, লিটন মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শশীদল বাজার যাচ্ছিলেন। পথে শশীদল রেলস্টেশনের কাছে একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত নই।” তবে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আমরা পৌঁছানোর আগেই স্বজনরা লাশ নিয়ে যান। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ