নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক শিয়ালের কামড়ে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন—মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি শিয়াল এসে এক ব্যক্তিকে কামড়ায়। পরে ধারাবাহিকভাবে আরও কয়েকজনকে কামড় দেয় শিয়ালটি। শিয়ালটির আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই সেটিকে মেরে ফেলে।
আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা ও র্যাবিস ভ্যাকসিন দেন। সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, “শনিবার রাতে শিয়ালের কামড়ে আহত সাতজনকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন এবং পরবর্তী ডোজ যথাসময়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
কুমিল্লা গেজেট. কম