কুমিল্লা | বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের চেয়ারম্যান পদ শূন্য

  • প্রকাশের তারিখ : 1-অক্টোবর-2025 ইং
দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের চেয়ারম্যান পদ শূন্য ছবির ক্যাপশন: দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের চেয়ারম্যান পদ শূন্য

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে দুর্নীতি, অনিয়ম ও পরিষদের সদস্যদের অনাস্থার কারণে পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১৫ জুলাই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে ২৩টি অভিযোগ এনে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। অভিযোগগুলো তদন্ত করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তদন্তে ৭টি অভিযোগ প্রমাণিত হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল—হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎ, ১৩ মাস ধরে সদস্যদের সম্মানি ভাতা না দেওয়া, কাবিখা, টিআর ও এলজিএসপি প্রকল্প এককভাবে গ্রহণ, ইউনিয়ন অফিসে নিয়মিত উপস্থিত না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাহত করা, গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড এককভাবে বণ্টন, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক প্রেরিত অনাস্থা প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, "তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হাতে পেয়েছি, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ