নেকবর হোসেন।।
“স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কুমিল্লা টাউনহল থেকে একটি সচেতনামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সহ-সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী ও রোটারেক্ট নেতা আব্দুল্লাহ হিল বাকি প্রমুখ।
র্যালি পূর্ববর্তী আলোচনায় কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, “হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ হলেও এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য। তাই শুধু প্রতীকী উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। এর উদ্দেশ্য হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।”
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, নিয়মিত কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সচেতনতা—এই চারটি অভ্যাসই মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।”
বিশ্ব হার্ট দিবস প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। এর মূল লক্ষ্য হলো মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা এবং সুস্থ হৃদয় গড়ে তুলতে উৎসাহিত করা।
কুমিল্লা গেজেট