কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে জোরপূর্বক ১০-১৫ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার সার্ভেয়ার মো. হানিফ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।
এর আগে গত সপ্তাহে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মো. নেসার উদ্দিনের করা একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
লালমাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. আমির হোসেন, মো. আলেক হোসেন ও মো. রাজ্জাক গংয়ের বিরুদ্ধে প্রায় ১০-১৫টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার এই অভিযোগ ওঠে। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।
আজ সরেজমিন পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড সদস্য মো. জাফর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্ভেয়ারের প্রাথমিক তদন্তে রাস্তার জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে জবরদখল সরিয়ে রাস্তাটি অবমুক্ত না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমাই প্রতিনিধি