মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের কৃষক মোবারক হোসেন গ্রীষ্ম ও শীতকালীন আগাম টমেটো চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজস্ব উদ্যোগে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ শুরু করে তিনি এখন লক্ষ লক্ষ টাকা আয় করছেন।
ভারত থেকে টমেটো আমদানি দেখে অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমে মৌলভীবাজার থেকে গ্রীষ্মকালীন টমেটোর চারা সংগ্রহ করেন। পরে স্থানীয়ভাবে ১০ জন বিশেষজ্ঞ শ্রমিক নিয়ে বানিজ্যিকভাবে চাষ শুরু করেন। ২০২৪ সালে ভারত থেকে বীজ এনে আগাম শীতকালীন টমেটো উৎপাদনেও সফলতা পান।
বর্তমানে মোবারকের দুই মৌসুমের টমেটো চাষে ২০ জন শ্রমিক কর্মরত আছেন। প্রায় সাড়ে তিন একর জমির প্রতিটি প্লটে এখন ২৫ হাজার গাছ থেকে প্রতিদিন ৩৫-৪০ ক্যারেট টমেটো তোলা হচ্ছে। প্রথম দিকে প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হলেও ভারতীয় টমেটো আমদানির কারণে বর্তমানে দাম নেমে এসেছে ৯০-১১০ টাকায়।
একদিকে ফলন সংগ্রহ চলছে, অন্যদিকে ২৮ হাজার শীতকালীন চারা পরিচর্যা করছেন তিনি। শুধু টমেটো বিক্রিই নয়, গ্রাফটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন ও বিক্রিও করছেন স্থানীয় কৃষকদের কাছে।
মোবারক হোসেন বলেন, “আমি সোলার সেচ পাম্পের জন্য আবেদন করেছি। পাশাপাশি পলিনেট হাউজে চারা উৎপাদন ও স্থানীয়ভাবে টমেটো সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজ নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করছি।”
বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিণা আক্তার জানান, “আমরা মোবারককে নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।”
কুমিল্লা গেজেট