আট বছর ভারতে পালিয়ে থাকার পর বাংলাদেশে প্রবেশ করেই পুলিশের হাতে আটক হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাঁকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
আটক মো. শরীফ নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণিসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসাীয় শরীফের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামিদের গ্রেপ্তারে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া