কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

  • প্রকাশের তারিখ : 24-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. রাব্বি (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়ধুশিয়া সিমরা ব্রিজ এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মধ্যপাড়ার হুমায়ুন মিয়ার ছেলে। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানান, চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দিকে আসার সময় চলন্ত ট্রাক্টর থেকে রাব্বি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান বলেন, “নিহত ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি, ঘটনাস্থলেই অথবা পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।”

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ