কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ৩ দিনেও গ্রেফতার নয় যুবদল নেতা; আতঙ্কে পাহারাদারের পরিবার

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়াকে বেদম মারধরের ঘটনায় মামলা হলেও তিন দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো গ্রেফতার করা যায়নি অভিযুক্ত উপজেলা যুবদল সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে।

এতে ভুক্তভোগী পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।

দুলা মিয়ার পরিবার অভিযোগ করে বলছে, মামলার আসামি দেলোয়ার হোসেন প্রকাশ্যেই অবস্থান করছেন। এমনকি তিনি নিজ বাসায় বসে সাংবাদিকদের সঙ্গে ফেসবুকে লাইভও করছেন। অথচ পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। পরিবারটির দাবি, “আমরা হুমকির মুখে দিন কাটাচ্ছি, কিন্তু আসামি প্রকাশ্যে থেকেও অক্ষত রয়েছেন।”

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।” তবে পরিবারের অভিযোগ, পুলিশের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পাহারা দিতে গিয়ে সামান্য বিশ্রাম নিলে যুবদল নেতা দেলোয়ার হোসেন কাঠের দণ্ড দিয়ে দুলা মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পরদিন থেকেই ব্যবসায়ী ও গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছেন। কিন্তু গ্রেফতার না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ অভিযুক্তকে ধরছে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ