মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন পাকা তালের সমারোহ দেখা যাচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও কিছুটা বেশি।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু ফল তাল ভাদ্র মাস এলেই বিশেষ কদর পায়। যদিও এবছর শ্রাবণ মাসের শুরু থেকেই বাজারে পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই গ্রামগঞ্জে তালের পিঠা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গৃহিণীরা। বিশেষ করে ‘তালের বড়া’ এবং বিভিন্ন প্রকারের পিঠা ভোজনরসিকদের কাছে এখন বেশ জনপ্রিয়।
স্থানীয়রা জানায়, আগের তুলনায় তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বাজারে তালের সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে বড় সাইজের একটি পাকা তাল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, আর মাঝারি ও ছোট আকারের তাল ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ভরাসার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “তালের সরবরাহ অন্য বছরের তুলনায় কম থাকায় দামও বেড়েছে। কচি তাল আগেই শেষ হয়ে যাওয়ায় পাকা তালের সংকট তৈরি হয়েছে। এবছর মহিষা তালের চাহিদা বেশি।”
অন্যদিকে মোঃ নজরুল ইসলাম জানান, “ভাদ্র মাসে তাল পাকা প্রকৃতির এক অনন্য উপহার। এটি শুধু ফল নয়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসের প্রতীক। প্রকৃতির সঙ্গে মানুষের অটুট সম্পর্কেরও প্রতিফলন মেলে তালের মাধ্যমে।”
গ্রামীণ সংস্কৃতিতে তালের পিঠার বিশেষ স্থান রয়েছে। ভাদ্র মাস এলেই এই ঐতিহ্য ঘিরে গ্রামবাংলায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, যদিও এ বছর চড়া দামে কিছুটা ভোগান্তিতেই পড়ছেন ভোজনরসিক বাঙালিরা।
কুমিল্লা গেজেট