মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. শামসুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলমসহ উপজেলার সার ও বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় ডিলারদের নির্দেশ দেওয়া হয়—দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, প্রতিটি বিক্রয়ের সময় ভাউচার প্রদান, অতিরিক্ত দাম না নেওয়া এবং অযথা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার ব্যাপারে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর হোসেন বলেন, “কৃষকের স্বার্থে সরকার সাশ্রয়ী মূল্যে সার ও বীজ সরবরাহ করছে। কেউ কারসাজি বা মজুদ করে সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি কর্মকর্তারা জানান, এসব নির্দেশনা বাস্তবায়ন হলে কৃষকরা ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে এবং উৎপাদন আরও বাড়বে।
কুমিল্লা গেজেট