গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
অবরোধ চলাকালে তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
যুব অধিকার পরিষদ বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু কাওসার তাজ বলেন, “নুরুল হক নুর জাতীয় নেতা। তাকে লাঠিপেটা করে আহত করা হয়েছে। আমরা এর বিচার চাই।”
কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের নেতা গিয়াস উদ্দিন বলেন, “নুর ২০১৮ সালের কোটা আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তাকে যেভাবে হামলার শিকার করা হয়েছে তা নতুন বাংলাদেশে মেনে নেওয়া যায় না।”
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, আধা ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
কুমিল্লা গেজেট