নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, মাদক ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশারের সঞ্চালনায় এবং আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শক দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন। এ সময় লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কুবির ইউট্যাবেরর সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাদক ও র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার বলেন, “আজকের কর্মশালার মাধ্যমে কর্মীদের দক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধির পাশাপাশি তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত, একজন শিক্ষার্থীকে অবশ্যই একাডেমিক বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হতে চায়, তাদের মাদক ও র্যাগিংমুক্ত থাকতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থী হিসেবে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কাজ করতে হবে।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “রাজনীতিতে সংযত ও সহনশীল আচরণ করতে হবে। মাদক ও র্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর। একই সঙ্গে রাজনৈতিক দক্ষতা, প্রজ্ঞা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। আদর্শ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
কুবি প্রতিনিধি