মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “দেশ যদি স্বাধীন রাখতে হয়, পার্বত্য চট্টগ্রাম ও বন্দর রক্ষা করতে হয়, তাহলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই।”
রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা একাত্তরের মুক্তিযোদ্ধাদের স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কিংবা রাজনীতি করার অধিকার নেই।” এসময় তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “কোনো হাইব্রিড যেন বিএনপির নেতা হতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমিরসহ জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী কবির হোসেন। এসময় কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট