ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আপাতত ওই ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সিমেন্টবাহী একটি লরি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫) নিহত হন। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। একই দুর্ঘটনায় লরির নিচে থাকা সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন।
নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরি প্রাইভেটকারটিকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ পরিদর্শনে পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন দিয়ে ঘুরতে হবে। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ে সমন্বিত সভায় স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লা গেজেট