মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর গ্রামে যমজ সন্তান জন্ম দেওয়ার “অপরাধে” স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী আজিম হোসাইন জনির পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী হেলানা আক্তার (২৭) তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
২০০৯ সালে আজিম হোসাইন জনির সঙ্গে তিন ভরি স্বর্ণ ও আসবাবপত্রসহ সামাজিক ও শরীয়ত মোতাবেক বিয়ে হয় হেলানার। এক সন্তানের পর বিদেশ যেতে স্বামী তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। পরিবার ঋণ করে টাকা দেওয়ার পর জনি সৌদি আরব যান। দেশে ফিরে গর্ভে সন্তান আসার খবরে শ্বশুরবাড়ির লোকজন গর্ভপাতের চাপ দেয়। রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ছয় মাস আগে হেলানা যমজ সন্তান আলভী ও আসপীর জন্ম দেন। এরপর স্বামী বিদেশ থেকে ফোনে তালাক দিয়ে সংসার না করার কথা জানান। বর্তমানে তিনি তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে দারিদ্র্যের কষাঘাতে দিন কাটাচ্ছেন এবং আদালতে ন্যায়বিচারের জন্য ঘুরছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে এবং আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
কুমিল্লা গেজেট