মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারা অনুযায়ী বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ সংক্রান্ত আরেকটি পৃথক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে ইউএনওকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুসারে অতি দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।”
বুড়িচং পৌরসভার ঘোষণা এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।
কুমিল্লা গেজেট