বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় স্থানীয় জনতার সহায়তায় মা-মেয়েসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ কেজি গাঁজা।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক পাচারকালে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং ওই অটোরিকশায় থাকা মা-মেয়েসহ ৫ মাদক কারবারিকে আটক করে তারা। পরে খবর পেয়ে খারেরা বিওপির বিজিবি ও বুড়িচং থানার এসআই আল আমিন ঘটনাস্থলে পৌঁছে সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেন। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন —
১. জেনারুল হোসাইন জেনু (৩৪), পিতা হাবিল মিয়া, উত্তর আনন্দপুর,
২. মোঃ রুবেল (৩৫), পিতা নোয়াব মিয়া, দক্ষিণ আনন্দপুর,
৩. আসমা আক্তার (২০), পিতা আব্দুল ওয়াসেদ মিয়া, পাঁচোড়া গ্রাম,
৪. জাহানারা বেগম (৩৬), পিতা মৃত শফিকুল ইসলাম, মাশরা গ্রাম,
৫. রোকেয়া (৫০), স্ত্রী মৃত শফিকুল ইসলাম, মাশরা গ্রাম।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ থাকলে এমন অপরাধ প্রতিরোধ সম্ভব।
কুমিল্লা গেজেট