নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি খাল থেকে নাসরিন আক্তার (২৬) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন গাগৈর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসরিন উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মোহাম্মদ সোলাইমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, নাসরিন কিছুটা অসুস্থ ছিলেন এবং বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তার মৃত্যুর খবর পান স্বজনরা।
নাসরিনের পিতা মোহাম্মদ সোলাইমান বলেন, “আমার মেয়ে কিছুটা অসুস্থ ছিল। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরে শুনি সে মারা গেছে।”
নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নাসরিন মৃগী রোগে ভুগছিলেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা গেজেট