বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগমারা হাই স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাগমারা হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
পরে প্রধান অতিথি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপির নেতৃত্বে বাগমারা হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের সাংগঠনিক ঐক্য ও শক্তি প্রদর্শন করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিণত হয় বড় ধরনের রাজনৈতিক সমাবেশে।
মনসুর লোকমান রাকিব, লালমাই