কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক পত্রিকা ক্যাম্পাস বার্তার আয়োজনে অনার্স পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ক্যাম্পাস বার্তার সাপ্তাহিক বৈঠক শেষে ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচে ক্যাম্পাস বার্তার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. মোশাররাফ হোসাইন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ক্যাম্পাস বার্তা সম্পাদক আবু সুফিয়ান। এ সময় নির্বাহী সম্পাদক মো. আরমান হোসেন, বার্তা সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক সীমা আক্তার, বিভাগীয় সম্পাদক মো. মিজানুর রহমান, ফিচার সম্পাদক তাসনিম আক্তার মীমসহ নিয়মিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ক্যাম্পাস বার্তা সম্পাদক আবু সুফিয়ান মে-জুন মাসে নতুন সংখ্যা প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন। সৃজনশীল কাজে ক্যাম্পাস বার্তার ধারা অব্যাহত রাখা ও দক্ষতা অর্জনের অনুরোধ জানান।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. মোশাররাফ হোসাইন বলেন,প্রযুক্তির এ ধারায় শিক্ষা বা সাহিত্য চর্চায় শিক্ষার্থী কম। ক্যাম্পাস বার্তা ব্যতিক্রম এ ধারা অব্যাহত রেখেছে। এখান থেকে ভালো লেখক তৈরি হচ্ছে। এটি কলেজের গৌরব।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক পত্রিকা ক্যাম্পাস বার্তা।
নিজস্ব প্রতিবেদক