কুমিল্লা | বঙ্গাব্দ

চোখে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো বিএসএফ

  • প্রকাশের তারিখ : 17-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুল আলম (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে চোখে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪নং মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশের অংশে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের টহলদল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পিছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে বিএসএফের গাড়িতে তোলার সময় চোখে গুলি করে।

পরে বিএসএফ তাকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বলে সীমান্তের একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোন কথা বলতে রাজি হয়নি। তবে নাম না প্রকাশ শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, 'সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।'

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ