কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় তারা মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ নেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আকন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, নাগাইশ সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ অপু সারোয়ার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি ও মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল