কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পুলিশের কাছে...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পুলিশের কাছে সোপর্দ

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, চুরি, চাঁদাবাজি, নারী অপহরণ, মাদক ও সরকারি কাজে বাধা দেওয়াসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের টানা ব্রিজ এলাকায় তাঁকে আটক করা হয়।

আটক লোকমান হোসেন খাঁন দক্ষিণ চান্দলা গ্রামের রামচন্দ্রপুর এলাকার মৃত জামাল আহাম্মেদ খাঁনের ছেলে। তিনি চান্দলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও কোতোয়ালি মডেল থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, চুরি, চাঁদাবাজি, নারী অপহরণ, মাদক, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। ২০১০ সাল থেকে বিভিন্ন সময়ে এসব মামলা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকমানের প্রভাব ও ভয়ে অনেকে দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস করতেন না। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং একাধিক অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, রোববার দক্ষিণ চান্দলা গ্রামের টানা ব্রিজ এলাকায় লোকমানকে দেখতে পেয়ে তাঁকে আটক করেন তাঁরা। পরে তাঁকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, লোকমান হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। মামলাগুলোর তথ্য যাচাই করে আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ